সরকারের জবাবদিহিতা ও জনসেবা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য : সালেহ শিবলী

যাযাদি রিপোর্ট

জাতীয়

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনসেবামূলক নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস

2026-09-16T16:59:13+06:00
2026-09-16T17:13:14+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
মাহদী আমিন
সরকারের জবাবদিহিতা ও জনসেবা উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য : সালেহ শিবলী
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ১৬.০৯.২০২৬ ৫:১৩ পিএম 
সংগৃহীত ছবি
সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনসেবামূলক নানা উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সরকারের সাত মাস পূর্তি ও সমসাময়িক বিষয় নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব এ আহ্বান জানান।

সালেহ শিবলী বলেন, ‘বর্তমান সরকার একটি জনকল্যাণমুখী ও জবাবদিহিমূলক সরকার। সরকারের যাবতীয় কার্যক্রম ও জনসেবামূলক পদক্ষেপ জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করছে।’

সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরে প্রেস সচিব বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও বৈরী পরিস্থিতির মুখোমুখি হলেও জনজীবনে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলেও সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জনগণ খুব শীঘ্রই এর স্থায়ী সুফল পেতে শুরু করবে।’

জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিক উল্লেখ করে সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর দৈনন্দিন কাজের মধ্য দিয়ে এটি জনগণকে অনুভব করাতে সক্ষম হয়েছেন। ক্ষমতা কোনো ভোগের বিষয় নয়, এটি একটি দায়িত্ব এবং সরকার সেভাবেই জনকল্যাণে কাজ করে যাচ্ছে।’

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর জরুরি আহ্বানের কথা পুনর্ব্যক্ত করে প্রেস সচিব বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর— এই তিন মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এডিস মশার লার্ভা ধ্বংস করতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট সময় বের করে নিজ নিজ ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখা এবং প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদের সত্যতা নিশ্চিতে প্রতিটি টেলিভিশন ও পত্রিকায় প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিটের জন্য ফ্যাক্ট চেক বা সত্য-মিথ্যা যাচাইকরণ সংবাদ পরিবেশন করা উচিত। এর মাধ্যমে জনগণ সঠিক তথ্য জানতে পারবে এবং গুজবের হাত থেকে রক্ষা পাবে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছাড়াও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য রাখেন।
  বিষয়:   হাজার তরুণ  ২০ লাখ টাকা  ঋণ দেওয়া হবে  মাহদী আমিন 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত