প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ এএম
যাযাদি ফটো খুলনা মহানগরীর লবণচরা থানার আমতলা ২য় গলিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও সীসার গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ ডালিম খান (৪০), পিতা মৃত নওয়াব আলী খান, সাং ভাজাওয়ালা; রানা, পিতা আনিস এবং আব্দুল্লাহ আল নোমান ওরফে নয়ন (২৮), পিতা নুরুল হক। রানা ও নয়ন সোনার বাংলা গলির বাসিন্দা। তাদের সবার বাড়ি খুলনার লবণচরা থানাধীন এলাকায়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল লবণচরা থানার আমতলা ২য় গলিতে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিন রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়।
এসআরবি-৬ জানায়, গ্রেফতার মোঃ ডালিম খানের পিসি-পিআর পর্যালোচনা করে লবণচরা থানায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট সাতটি মামলার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতার তিনজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।