প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি-যাযাদিগাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফাঁকা রাস্তায় গভীর রাতে টায়ার জ্বালিয়ে লক ডাউন পালন করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। এসময় নানা শ্লোগান দেয় তারা।
শুক্রবার গভীর রাতে গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এ লক ডাউন পালন করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে জানান দেয় নেতাকর্মীরা।
এসময় 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই'- নানা শ্লোগান দেয় তারা। যদিও গাজীপুরের শ্রীপুরের মহাসড়কে ওই মিছিল করার দাবী করে যুবলীগ। তবে, ভিডিওটি মহাসড়কের কোন অংশে ধারণকৃত তা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন,' রাতের ওই মিছিল কোন জায়গায় হয়েছে আমার জানা নেই। তবে,সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। গত ৩-৪ দিনে এ সড়কে এমন কোনো মিছিল হয়নি। ভিডিওটি দেন যাচাই-বাছাই করি।'
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন,' শ্রীপুরের কোনো সড়কে লক ডাউনের কোনো খবর আমাদের কাছে নেই। তবে,শুনেছি টায়ার জ্বালিয়ে একটি মিছিলের ভিডিও মহাসড়কের ভবানীপুর এলাকার।'