ছবি-যাযাদি বরিশালের গৌরনদীতে সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপ্তাহিক ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশক-সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান এবং গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. আবুল হোসেন মিয়া, মানিকগঞ্জ আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. হারিস মিজান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন, সদস্য সচিব শরীফ সফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির এবং সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদারসহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন স্থানীয় গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি এলাকার মানুষের কথা, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে স্থানীয় সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌরনদীর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, জনজীবন ও উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের অধিকার ও স্থানীয় সমস্যাগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার মাধ্যমে ‘গৌরনদী পরিক্রমা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, গণমাধ্যমের মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা ও বিশ্বাসযোগ্যতা। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই, সকল পক্ষের বক্তব্য তুলে ধরা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া হলে একটি স্থানীয় সংবাদপত্রও বৃহত্তর সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় মানুষের জীবনযাত্রা, এলাকার সমস্যা-সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও জনস্বার্থের নানা বিষয় জাতীয় গণমাধ্যমে সবসময় পর্যাপ্ত গুরুত্ব পায় না। এ ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্র মানুষের কথা বলার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।
বক্তারা আরও বলেন, ‘গৌরনদী পরিক্রমা’ নিয়মিত প্রকাশের মধ্য দিয়ে গৌরনদীর মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও প্রাপ্তির পাশাপাশি এলাকার উন্নয়ন ও সম্ভাবনাগুলো তুলে ধরবে। একই সঙ্গে অনিয়ম-দুর্নীতি ও জনদুর্ভোগের তথ্য দায়িত্বশীলতার সঙ্গে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রকাশক-সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির বলেন, স্থানীয় মানুষের কথা বলার লক্ষ্যেই ‘গৌরনদী পরিক্রমা’র যাত্রা শুরু হয়েছে। পত্রিকাটি দল-মত ও ব্যক্তির ঊর্ধ্বে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গৌরনদীর মানুষের আস্থা অর্জনে কাজ করবে।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক, সংস্কৃতিকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।