প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৫ পিএম
ছবি-যাযাদি উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক আল মামুন মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোলজার হোসেন, এডিএম মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, জেলা কৃষক দলের সদস্য সচিব মুনজুরে মাওলা পলাশ, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট,জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন ও খেলাকে ঘিরে জেলা স্টেডিয়াম এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক নারী ও পুরুষ,কিশোর, তরুণ ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর পূর্বেই মাঠের গ্যালারি ও আশেপাশের বিল্ডিং গুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় খেলার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। শিশু-কিশোর, তরুণদের মাঠমুখী করা ও জেলার ক্রীড়াঙ্গনকে আরও সক্রিয় করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রাণবন্ত উৎসব মুখর আজকের এই খেলায় আক্কেলপুর উপজেলা দলকে ২- ০ গোলের ব্যবধানে হারিয়ে জয়পুরহাট পৌরসভা বিজয়ী হয়েছে। জয়পুরহাট পৌরসভা দলের পক্ষে গোল করেন,রিপন ও আহাদ মোল্লা। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন জয়পুরহাট পৌরসভার আহাদ মোল্লা ও তরুণ উদীয়মান খেলোয়াড় জয়পুরহাট পৌরসভার সুজন।