সুবর্ণজয়ন্তীতে আইসিবি: পাঁচ দশকের আস্থা থেকে আগামীর সক্ষমতার পথে

যাযাদি রিপোর্ট

নগর-মহানগর

দেশের পুঁজিবাজার ও বিনিয়োগ অর্থনীতিতে পাঁচ দশকের পথচলা পূর্ণ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ১৯৭৬ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার

2026-09-30T16:25:42+06:00
2026-09-30T16:25:42+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
সুবর্ণজয়ন্তীতে আইসিবি: পাঁচ দশকের আস্থা থেকে আগামীর সক্ষমতার পথে
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম  
সংগৃহীত ছবি
দেশের পুঁজিবাজার ও বিনিয়োগ অর্থনীতিতে পাঁচ দশকের পথচলা পূর্ণ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ১৯৭৬ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকে সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর, শিল্প ও ব্যবসা খাতে মূলধনের জোগান এবং পুঁজিবাজারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রাষ্ট্রীয় এই আর্থিক প্রতিষ্ঠান।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালে দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিকাশের যে অভিযাত্রা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত আইসিবি সময়ের সঙ্গে দেশের অর্থনীতির পরিবর্তিত প্রয়োজনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। ব্রিজ ফাইন্যান্সিংয়ের মাধ্যমে শিল্প ও ব্যবসায় অর্থায়ন, তালিকাভুক্ত সিকিউরিটিজের চাহিদা ও যোগান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারের বিকাশে অবদান রেখে চলেছে।

আইসিবির কার্যক্রম শুধু পুঁজিবাজারে বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ১৯৭৭ সালে বিনিয়োগ স্কিম ও মার্জিন ঋণ কার্যক্রম এবং ১৯৮০ সালে দেশের প্রথম মিউচুয়াল ফান্ড চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করে। পরবর্তী সময়ে ইউনিট ফান্ডসহ বিভিন্ন বিনিয়োগ স্কিমের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মধ্যে সংযোগও তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত পাঁচ দশকে আইসিবির প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় ৮ হাজার ৯০০ কোটি টাকা। বিভিন্ন স্কিম ও মিউচুয়াল ফান্ডের মাধ্যমে পরোক্ষ বিনিয়োগের পরিমাণ প্রায় ২৭ হাজার ৯০০ কোটি টাকা। এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৩৮টি প্রতিষ্ঠান সহায়তা পেয়েছে, যার মধ্যে প্রায় ৮০টি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রমে প্রায় ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টির কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আইসিবির আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ফান্ড। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতের ১ হাজার ৩৯টি প্রকল্পে এ তহবিল থেকে ১ হাজার ৬২৪ কোটি ২৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫১ হাজার ৮০৬টি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

তবে পাঁচ দশকের এই যাত্রায় চ্যালেঞ্জও কম নয়। বাজারের মন্দা, উচ্চ সুদে অর্থায়ন, তারল্যচাপ, সম্পদের মূল্যহ্রাস, প্রভিশন ঘাটতি ও মেয়াদি সম্পদ-দায় ব্যবস্থাপনার অসামঞ্জস্য আইসিবির ওপর চাপ তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সক্ষমতা জোরদারে সরকার ইতোমধ্যে ১ হাজার কোটি টাকা দিয়েছে।

সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে তাই অতীতের অর্জন স্মরণের পাশাপাশি সামনে তাকানোর সময়। বিকল্প বিনিয়োগ তহবিল, ETF, সুকুক, করপোরেট বন্ড, SIP/CIP, REIT ও অবকাঠামো অর্থায়নের মতো নতুন ক্ষেত্র উন্মোচনের পাশাপাশি প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, ঝুঁকি ব্যবস্থাপনা, গবেষণা ও সুশাসনে বিনিয়োগ বাড়িয়ে আইসিবিকে আরও আধুনিক, বহুমাত্রিক ও টেকসই প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয়ই হতে পারে আগামী দিনের পথচলার মূল ভিত্তি।
  বিষয়:   আইসিবি  দশক  সুবর্ণজয়ন্তী 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত