উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

রাজশাহী প্রতিনিধি

সারাদেশ

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ

2026-10-02T14:15:49+06:00
2026-10-02T14:15:49+06:00
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
এমপি মিলন
উৎপাদনশীলতা বাড়াতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম  
ছবি-যাযাদি
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মতো মৌলিক খাতে মানুষের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। তাই সব খাতেই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করা একটি ভালো সরকারি ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। 

আজ শুক্রবার (২ অক্টোবর) সকালে পবা উপজেলা পরিষদের সভাকক্ষে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পূজার ছুটি একদিন বাড়িয়েছেন। শুক্র ও শনিবারের সঙ্গে মিলিয়ে ছুটির প্যাকেজ করা হলে চাকরিজীবীরা পরিবার ও স্বজনদের সঙ্গে আরও ভালোভাবে সময় কাটানোর সুযোগ পাবেন। 

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে এমপি মিলন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামোর প্রতিটি খাত- শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং কৃষকের জীবন-জীবিকা ধাপে ধাপে সংস্কার করা হবে। এ ক্ষেত্রে রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘আমরা কোনো প্রতিহিংসা বা প্রতিশোধপরায়ণ হব না। তবে আইন তার নিজস্ব গতিতে চলবে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে।’

‘আয়নাঘর’ প্রসঙ্গে তিনি বলেন, যারা আয়নাঘর তৈরি করেছিল এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার হবে। দেশে এখন আর কোনো আয়নাঘরের অস্তিত্ব নেই বলেও দাবি করেন তিনি।

আগামী নির্বাচন প্রসঙ্গে এমপি মিলন বলেন, ২০৩১ সালের জানুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তাকে জনগণের প্রত্যাশা ও শর্ত মেনে জনকল্যাণে কাজ করতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। কৃষি, শিল্প ও সেবাসহ প্রতিটি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ এবং জনগণের সচেতন অংশগ্রহণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা যুবদলের সিনিয়র সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার।

  বিষয়:   এমপি মিলন  উৎপাদনশীলতা  প্রযুক্তি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত