প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম
ছবি-যাযাদিবিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ-এর আয়োজনে ভাদুয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
গুড নেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মণ্ডলের সভাপতিত্বে বিজ্ঞান মেলায় বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, ভাদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান, ভাদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা, গুড নেইবারসের প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, শিক্ষার্থী আসিফ, নিপুন রায়সহ আরও অনেকে।
বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখা যায়, খুদে বিজ্ঞানীদের বিস্ময়কর সব উদ্ভাবন। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানার কার্বন পরিশোধন, বায়োডিজেল, স্বয়ংক্রিয় সেচব্যবস্থাপনা, সোলার সিস্টেম, কালো ধোঁয়া পরিশোধন, আধুনিক অগ্নিনির্বাপক যন্ত্রের মতো বিভিন্ন প্রকল্প প্রদর্শন করছে শিক্ষার্থীরা।
পরে মেলায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।