প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম
বিজয়নগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাদিয়া পাঠান পাপন এমপি । ছবি-যাযাদিব্রাহ্মণবাড়িয়া-দুই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেছেন, এত বছর রুমিন ফারহানা বিএনপির পক্ষে কথা বলেছেন, কারণ বিএনপি আসলেই নির্যাতিত ছিল। বিএনপি কষ্ট করেছে, বিএনপির নামে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। সেসব কথা বিএনপির একটি টিম লিখে লিখে তাঁকে দিত, তিনি তা পড়ে জনগণকে জানাতেন।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বেকিনগর গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাদিয়া পাঠান পাপন আরও বলেন, বিএনপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে সংসদ সদস্য বানিয়েছিল। দলের প্রতি অনুগত থাকাটা অনেক বেশি প্রয়োজন। দল কেন তাঁকে মনোনয়ন দেয়নি, সেটা দলের সিদ্ধান্ত। আমাদের অনেককেই মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তো বিরোধিতা করিনি। দল করলে আপনাকে কমিটেড হতে হবে। রাজনীতি করলে জনগণের সঙ্গে কমিটমেন্টের জায়গা থাকতে হবে।
তিনি বলেন, রুমিন ফারহানাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কোনো ইচ্ছা বা মানসিকতা তাঁর নেই। তবে ব্যারিস্টার রুমিন ফারহানাকে সতর্ক করে নাদিয়া পাঠান পাপন বলেন, ‘আমার মনে হচ্ছে, মনের দুঃখে উনি এত কিছু বলাটা উচিত হচ্ছে না। আমাদেরও তো শোনার একটা ধৈর্য আছে। ওই ধৈর্যের সীমা পার হয়ে গেলে দেখা যায় যে, কত অপ্রীতিকর ঘটনা ঘটে। আমরা যেন ওই জায়গায় না যাই।’
বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আফজাল হোসেন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।