প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম
সংগৃহীত ছবিকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে আইন নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরা শহরের নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তার দু-একটি মামলায় ফাঁসির রায় হয়েছে এবং অনেকগুলো বিচারাধীন আছে। তিনি এলে আইন তার নিজস্ব গতিতে চলবে।
তিনি আরও বলেন, গত ১৮ বছরে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। তার অভিযোগ, ফ্যাসিবাদী সরকার সবকিছু ধ্বংস করেছে এবং লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। ফ্যাসিবাদীদের নির্যাতনের সময় বিএনপির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালাননি বলেও দাবি করেন তিনি।
সংস্কৃতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে। তারা পলাতক শক্তি। বিএনপি কখনো পালায়নি এবং বিএনপি পালানোর দল নয়। বিএনপি রাজপথে প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ, মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অনেকে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়ার কথা নিতাই রায় চৌধুরী শুক্রবারের অনুষ্ঠানে জানিয়েছেন। একই বিষয়ে সরকারের পক্ষ থেকে আগে প্রত্যর্পণের উদ্যোগ নেওয়ার কথাও প্রকাশ্যে জানানো হয়েছে।