প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:০৬ পিএম
সংগৃহীত ছবিপ্রায় তিন দশক যুক্তরাষ্ট্রে বসবাসের পর এক বছর আগে দেশে ফিরেছিলেন সিরাজুল ইসলাম (৬৫)। এরপর থেকে গ্রামের বাড়িতেই থাকছিলেন তিনি। শুক্রবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোষাকান্দা মৌলভীবাড়ির নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২ অক্টোবর) সকালে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সিরাজুলকে দেখতে পান স্বজনেরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা-পুলিশ।
সিরাজুল ইসলাম কোষাকান্দা গ্রামের আজিজ মৌলানার ছেলে। তিনি স্থানীয়ভাবে পরিচিত বজলুর রহমান ওরফে বজলু চেয়ারম্যানের বড় ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন সিরাজুল। এ সময়ের মধ্যে মাঝেমধ্যে দেশে আসতেন এবং আবার প্রবাসে ফিরে যেতেন। তবে এক বছর আগে দেশে ফেরার পর আর যুক্তরাষ্ট্রে যাওয়া হয়নি তাঁর। বর্তমানে তাঁর স্ত্রী ও সন্তানেরা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে পাকুন্দিয়া বাজারে একটি হোমিওপ্যাথি চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন সিরাজুল। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে গ্রামের বাড়িতেই বসবাস করছিলেন তিনি।
স্বজন ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বৃহস্পতিবার রাতে ঘুমাতে যান সিরাজুল। পরদিন সকালে ঘরের জানালার গ্রিলের সঙ্গে তাঁর মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, সিরাজুল ইসলাম আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে।