বালু উত্তোলন নিয়ে বিরোধ, বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ

আক্কেলপুর প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন ও বালুবাহী ট্রাক্টর চলাচল নিয়ে বিরোধের জেরে বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে

2026-10-03T16:07:19+06:00
2026-10-03T18:33:16+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বালু উত্তোলন নিয়ে বিরোধ, বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ
আক্কেলপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৬:৩৩ পিএম 
ছবি: যাযাদি
জয়পুরহাটের আক্কেলপুরে ফসলি জমি থেকে বালু উত্তোলন ও বালুবাহী ট্রাক্টর চলাচল নিয়ে বিরোধের জেরে বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতা আলমগীর হোসেন আলম (৪৭), তার স্ত্রী মাহবুবা খাতুন (৪২) এবং অভিযুক্ত আতিয়ার রহমান সুমন আহত হয়েছেন। তারা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাত আট টার পর রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড় গ্রামের মোড়ের আজাদুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আলমগীর হোসেন রুকিন্দীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি। আতিয়ার রহমান উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। দুজনের বাড়িই রোয়াইড় গ্রামে।

ঘটনা নিয়ে আলমগীর হোসেন ও আতিয়ার রহমান পরস্পরবিরোধী অভিযোগ করেছেন। আলমগীরের দাবি, প্রায় এক মাস ধরে গ্রামের একটি ফসলি জমি খুড়ে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ নিয়ে গ্রামবাসীর পক্ষ হয়ে প্রতিবাদ করায় আতিয়ার রহমান তাকে ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন।

অন্যদিকে আতিয়ার রহমানের দাবি, তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন। আলমগীর হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এমন অভিযোগ করে তিনি বাধা দেওয়ায় আলমগীর তার ওপর হামলা করেছেন। এক লাখ টাকা চাদা দাবির অভিযোগও অস্বীকার করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোয়াইড় গ্রামের এক ব্যক্তির মালিকানাধীন জমি খুড়ে প্রায় এক মাস ধরে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। বিষয়টি তারা থানা-পুলিশকে জানান। গত সোমবার রাতে পুলিশ গিয়ে বালুবাহী একটি ট্রাক্টর আটক করে। পুলিশ চলে যাওয়ার পর আবারও বালুবাহী ট্রাক্টর চলাচল শুরু হয় বলে স্থানীয়দের দাবি।

এ নিয়ে আলমগীর হোসেন গ্রামের লোকজনের পক্ষে অবস্থান নেন। পরে বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের জানানো হয়। গত বুধবার গ্রামের লোকজন উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেন। শনিবার বিকেলে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াতের উপস্থিতিতে দুই পক্ষের বৈঠকে বসার কথা ছিল।

আলমগীর হোসেনের ভাষ্য, শুক্রবার রাতে তিনি গ্রামের লোকজনকে শনিবারের বৈঠকের কথা জানাতে বের হন। এ সময় চক রোয়াইড় গ্রামের মোড়ের আজাদুলের দোকানের সামনে আতিয়ার রহমানের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার তাকে ছুরিকাঘাত করেন। তাকে রক্ষা করতে স্ত্রী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। পরে আতিয়ার রহমানও সেখানে চিকিৎসা নিতে যান।

আলমগীর হোসেন বলেন, তিনি গরু কেনাবেচার ব্যবসা করেন। আতিয়ার রহমান তার কাছে এক লাখ টাকা চাদা চেয়েছিলেন। তিনি চাদা না দেওয়ায় আতিয়ার তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে দাবি করেন। তার ভাষ্য, প্রায় এক মাস ধরে মারুফ নামের এক ব্যক্তির জমি খুড়ে বালু উত্তোলন করে নবাবের ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে গ্রামের রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রামবাসী বাধা দেন। এ বিষয়ে গত বুধবার গ্রামবাসীকে সঙ্গে নিয়ে উপজেলা বিএনপির নেতাদের কাছে যান তিনি।

তবে আতিয়ার রহমান বলেন, আলমগীর হোসেন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত এপ্রিল মাসে তারা তাকে মাদক ব্যবসা করতে নিষেধ করেছিলেন। এতে আলমগীর তার ওপর ক্ষুব্ধ ছিলেন। শুক্রবার রাতে গ্রামের বাড়িতে গেলে আলমগীর তাকে মারধর করেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এক লাখ টাকা চাদা দাবির অভিযোগ ভিত্তিহীন এবং তিনি বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, আলমগীর হোসেন ও আতিয়ার রহমান পাশাপাশি দুটি পৃথক ওয়ার্ডে চিকিৎসাধীন। আলমগীরের মাথায় ব্যান্ডেজ ছিল। আতিয়ারের বা হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। গজ দিয়ে তার বা হাত ঝুলিয়ে রাখা হয়। আলমগীরের স্ত্রী মাহবুবা খাতুনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম ছোয়াত বলেন, বালু উত্তোলন নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শনিবার দুই পক্ষকে নিয়ে বসার কথা ছিল। এর আগেই শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে বিবাদে জড়ানোর ঘটনা ঘটেছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, ছুরিকাহতের ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   আক্কেলপুর  জয়পুরহাট  বিএনপি  ছুরিকাঘাত 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত