প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম
ছবি-যাযাদি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (CIID)।
সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের সি-শিফটের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, মহাপরিচালকের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগাম সতর্ক অবস্থান নেন কর্মকর্তারা। পরে শারজাহ থেকে ঢাকাগামী G9 571 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়।
এ সময় যাত্রী Mohammed Shahin-এর ব্যাগেজ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। একই ফ্লাইটের যাত্রী K M Fozol Haque-এর ব্যাগেজ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ এবং Belayet Bhuiyan Hossain-এর ব্যাগেজ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ আটক করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, তিন যাত্রীর ব্যাগেজ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও তিনটি ল্যাপটপ আটক করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রী প্রোফাইলিং, ব্যাগেজ স্ক্যানিং ও নিবিড় নজরদারির মাধ্যমে বিমানবন্দরে চোরাচালান এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।