প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: যাযাদিগাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও মারধরের ঘটনায় মামলা করার তিন দিনের মাথায় ফিরুজা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফিরুজা আক্তার উপজেলার চকপাড়া গ্রামের মো. বানিয়ামিনের স্ত্রী। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক অক্টোবর দুপুরে চকপাড়া গ্রামে ফিরুজা আক্তারের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় ফিরুজা আক্তারসহ তার পরিবারের কয়েকজন আহত হন। এ ঘটনায় ফিরুজা আক্তার বাদী হয়ে গত তিন অক্টোবর শ্রীপুর থানায় মামলা করেন।
মামলায় জামান আলী (৩৯), ওসমান গনি (৪৫), আব্দুল সিদ্দিক, আজাহার আলী (৩৫)সহ ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
নিহতের মেয়ের স্বামী আনোয়ার হোসেন বলেন, হামলার সময় প্রতিপক্ষের লোকজন তার শাশুড়ি, স্ত্রী ও শ্যালকসহ কয়েকজনকে মারধর ও কুপিয়ে আহত করে। হামলায় তার শাশুড়ি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। কিছুটা সুস্থ হওয়ার পর মঙ্গলবার দুপুরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ার হোসেনের দাবি, চিকিৎসক জানিয়েছেন ফিরুজা আক্তার স্ট্রোক করে মারা গেছেন। তার ধারণা, হামলায় মারধরের কারণে শরীরে রক্ত জমাট বেঁধে অসুস্থ হয়ে পড়ার পর তিনি স্ট্রোক করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন, মারামারির ঘটনায় ৩ অক্টোবর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।