প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:২৪ পিএম
ছবি: সংগৃহীতজাপানের প্রধান মন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধান মন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রেস উইং জানায়, অক্টোবরের শেষ দিকে প্রধান মন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে। তবে প্রধান মন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধান মন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনেও অক্টোবরের শেষ সপ্তাহে তিন থেকে চার দিনের সফরের প্রস্তুতির কথা বলা হয়েছে।
সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। দুই দেশের মধ্যে অর্থনীতি, অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা এবং জনসম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা চলছে।
এর আগে জাপানের প্রধান মন্ত্রী সানায়ে তাকাইচি প্রধান মন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই বৈঠকে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোইউকি নামাজু বাংলাদেশের কাছে প্রধানমন্ত্রী তাকাইচির আমন্ত্রণ পৌঁছে দেন।
একই সময়ে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান। জবাবে বাংলাদেশও জাপানের প্রধান মন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।