প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি: যাযাদিজয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে তিন যুবককে বাংলাদেশে জোরপূর্বক পুশ-ইনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় মঙ্গলবার সকালে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে তিন যুবককে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলার এলাকা দিয়ে বিএসএফ ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আজিম হোসেন জানান, সকালে সীমান্তঘেষা মাঠে কাজ করার সময় তিনি বিএসএফ সদস্যদের তিন যুবককে ২৭৬ নম্বর পিলারের কাছে এনে রাখার দৃশ্য দেখতে পান।
বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত তৎপর হন। খবর পেয়ে পশ্চিম রামকৃষ্ণপুর গ্রামের স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দেন। পরে ২৭৬ নম্বর মূল পিলার থেকে প্রায় ৩০০ গজ দূরে সড়কপথে বিজিবি ও গ্রামবাসী সতর্ক অবস্থান নিয়ে পাহারা শুরু করেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। তিন যুবক বর্তমানে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন বলে জানা গেছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প এবং বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে সকাল ১১টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টার ওই বৈঠকে কোনো চূড়ান্ত সুরাহা হয়নি।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ অন্যায়ভাবে ওই তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নিয়ে তাদের ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সমাধান না হওয়ায় এ বিষয়ে আরও একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।