প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:৩৭ পিএম
ছবি: সংগৃহীতমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে মালয়েশিয়ার জোহর বারুতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়ার মো. সাজন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সালমান সাদিক সাইফের একমাত্র বোন লিজা। তিনি জানান, সাইফ মালয়েশিয়ার একটি বেসরকারি কোম্পানিতে পণ্য ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। বুধবার সন্ধ্যায় তিনি কাভার্ড ভ্যানে করে পণ্য সরবরাহ করতে যাচ্ছিলেন।
লিজা বলেন, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গিয়ে সাইফদের কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে চালকের কোনো ক্ষতি না হলেও সাইফ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এক বোন ও তিন ভাইয়ের মধ্যে সাইফ ছিলেন সবার ছোট। গত কোরবানির ঈদের ছুটিতে দেশে এসে তিনি বিয়ে করেন। ছুটি শেষে আবার মালয়েশিয়ায় ফিরে যান।
সাইফের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তার বোন লিজা।