প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম
ছবি: যাযাদিপার্বত্য অঞ্চলের যুবসমাজকে কারিগরি শিক্ষায় দক্ষ করে স্বাবলম্বী করার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে মুরুং কল্যাণ ছাত্রাবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা ১০ শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সনদপত্র বিতরণ করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ফরহাদুর রহমান, পিএসসি।
যুব উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স গত ১৩ সেপ্টেম্বর শুরু হয়ে আট অক্টোবর শেষ হয়। আলীকদমের বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে ১০ জন শিক্ষার্থী এতে অংশ নেন। প্রশিক্ষণে কম্পিউটার পরিচালনা, ডিজিটাল শিক্ষা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারিক বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কম্পিউটার শিক্ষার মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের পথ আরও সহজ হবে।
আগামী দিনে স্থানীয় তরুণদের চাহিদা অনুযায়ী এ ধরনের উন্নয়নমূলক ও তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর বিষয়েও অনুষ্ঠানে আলোচনা হয়।
সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান তাদের পড়াশোনা ও কর্মজীবনে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। এলাকার অন্যান্য তরুণ-তরুণীদের জন্যও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।