প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: সংগৃহীতরাজবাড়ীতে নিখোজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামের এক কলেজছাত্রের পেট কাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভেতরের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। গত সোমবার (৫ অক্টোবর) বিকেল তিন টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোজ হন।
রোহান দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি। তিনি জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ভেতরের ডোবা থেকে রোহানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, এ ঘটনায় পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।