প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম
ছবি-যাযাদি ঢাকার নবাবগঞ্জে চাঞ্চল্যকর অটোরিকশা চালক রাহুল হত্যা ও ডাকাতির ঘটনার আড়াই বছর পর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো — মোঃ সবুজ মিয়া (২৮), মোঃ লালন মোল্লা (৪৩), মোঃ সবুজ (৩২), খবির ওরফে গোবিন্দ (২৮) ও মোঃ হাবিব ওরফে সজল (৩৬)। তাদের মধ্যে সবুজ মিয়া ও লালন মোল্লা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে পিবিআই জানায়, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি রাতে নবাবগঞ্জের চক সিংহড়া এলাকায় ওয়ার্কশপে ঘুমাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রাহুল (১৯)। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ৯ ফেব্রুয়ারি সকালে ওয়ার্কশপের পাশের ভুট্টা ক্ষেত থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত লালন মোল্লা ইয়াবা ব্যবসা করতো। রাহুল ও অন্য আসামিরা তার কাছ থেকে ইয়াবা কিনে সেবন করতো। রাহুল ইয়াবা বিক্রির তথ্য ফাঁস করে দেবে — এমন সন্দেহে তারা রাহুলকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ডেকে নিয়ে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ দুইদিন গরুর খামারে রেখে পরে ওয়ার্কশপের পাশে ফেলে রাখে। পরে অটোরিকশা বিক্রির টাকা ভাগ করে নেয় তারা।
পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলস তদন্তে আড়াই বছর পর হত্যার রহস্য উদঘাটন ও সব আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।