প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি: যাযাদিমানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা-পাইকপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশান্তি বিঘ্নের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে আটক করে। পরে তারা অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন সাটুরিয়ার গোলড়া এলাকার মো. রহমতুল্লাহর ছেলে মো. আলমগীর (৫০), একই এলাকার মৃত মো. ওয়াজউদ্দিনের ছেলে আলামিন (৪২), গোলড়া পূর্বপাড়ার মৃত সহিমুদ্দিন আলীর ছেলে মো. গোলাপ হোসেন (৩৮) এবং মানিকগঞ্জ সদরের কাটিগ্রাম এলাকার মৃত ইউনুছের ছেলে মো. আনসার আলী (৩০)।
ভ্রাম্যমাণ আদালত মো. গোলাপ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, মো. আলমগীর ও মো. আনসার আলীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং আলামিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, মাদকের বিস্তার রোধ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।