প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম
ছবি: যাযাদিচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় লাইসেন্স ছাড়া গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবারের অভিযানে মোট ৪২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্যাস, ওষুধ ও খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের মূল্য ও মান তদারকি করা হয়।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স না নিয়ে দীর্ঘদিন গ্যাস ব্যবসা পরিচালনার দায়ে মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলের ‘চঞ্চল গ্যাস হাউজকে’ ২০ হাজার টাকা এবং মো. নাজমুল হাসানের ‘মেসার্স হাসান ট্রেডার্সকে’ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মো. হুমায়ন কবিরের ‘মেসার্স এফ এন এফ ফার্মেসিকে’ দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি, যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, প্রয়োজনীয় লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ কোনো পণ্য, ওষুধ বা শিশুখাদ্য বিক্রি না করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।