মহেশখালীতে ডেঙ্গুর প্রকোপ, ৫০ শয্যার হাসপাতালে ঠাই নেই

মহেশখালী প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে তীব্র শয্যা

2026-10-12T16:19:20+06:00
2026-10-12T16:19:20+06:00
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মহেশখালীতে ডেঙ্গুর প্রকোপ, ৫০ শয্যার হাসপাতালে ঠাই নেই
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:১৯ পিএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর চাপ বেড়ে যাওয়ায় উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে তীব্র শয্যা ও স্থানসংকট। শয্যা না পেয়ে হাসপাতালের বারান্দা, চলাচলের পথ ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেক রোগীকে। জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতার মধ্যে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এর মধ্যে ডেঙ্গুতে এক কলেজছাত্রের মৃত্যুর খবর এলাকায় উদ্বেগ বাড়িয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিনে দেখা যায়, রোগীর চাপে হাসপাতালের বিভিন্ন স্থানে ভিড় জমেছে। শয্যা না পেয়ে অনেক রোগী বারান্দা ও মেঝেতে চাদর বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন। ল্যাবরেটরি ও ওষুধ বিতরণকেন্দ্রের সামনেও ছিল রোগীদের দীর্ঘ সারি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আমেনা খাতুন বলেন, কয়েক দিন ধরে শরীরব্যথা ও প্রচণ্ড জ্বরে ভুগছেন তিনি। হাসপাতালে এসে বসার জায়গাটুকুও পাননি। শেষ পর্যন্ত মেঝেতে আশ্রয় নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে তাকে।

ছোট মহেশখালীর বাসিন্দা আব্দুর রহিম ডেঙ্গু আক্রান্ত শিশুসন্তানকে নিয়ে হাসপাতালে এসে শয্যা পাননি। তিনি বলেন, হাসপাতালে কোনো শয্যা খালি নেই। চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে ওষুধ ও পর্যাপ্ত জায়গার সংকট রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত এক চিকিৎসক জানান, জনবল ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চিকিৎসকেরা দিনরাত সেবা দিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। জরুরি ভিত্তিতে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় ওষুধের বরাদ্দ বাড়ানো না হলে সংকট আরও বাড়তে পারে।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, দেশের অন্যান্য এলাকার মতো মহেশখালীতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে পানের বরজে কাজ করা শ্রমিক ও মাঠপর্যায়ের শ্রমজীবী মানুষের মধ্যে আক্রান্তের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। উপজেলার ছোট মহেশখালী, শাপলাপুর ও হোয়ানক ইউনিয়নে রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালানোর পাশাপাশি সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালের নিজস্ব পরীক্ষাগারে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ১৮৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ সময়ে অন্তর্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৩০৯ জন। বেসরকারি ও অন্যান্য পরীক্ষাগারে শনাক্ত রোগীদের হিসাব যুক্ত হলে আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ঝুকিপূর্ণ এ সময়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি শিশু ও বয়স্কদের স্বাস্থ্যের প্রতি বাড়তি নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর ছোট মহেশখালী ইউনিয়নের মুজাহিদ নামের এক কলেজছাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর পর এলাকায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কক্সবাজার জেলাজুড়েও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। দ্বীপ উপজেলা হওয়ায় মহেশখালী থেকে গুরুতর রোগীকে দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়া অনেক সময় কঠিন ও ব্যয়বহুল হয়ে পড়ে। এতে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।

স্থানীয় তরুণ এইচ এম করিম বলেন, হাসপাতালে রোগীর এত চাপ যে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে। জরুরি বিভাগ ও পরীক্ষাগারে স্বাস্থ্যকর্মীদের প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে। জনবলসংকটের কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় সাধারণ মানুষকে অননুমোদিত চিকিৎসকের পরিবর্তে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয়দের মতে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের শয্যাসংখ্যা ও জনবল বাড়ানো, পর্যাপ্ত ওষুধ ও পরীক্ষার উপকরণ নিশ্চিত করা এবং ইউনিয়ন পর্যায়ে মশা নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি।

দ্বীপবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে আসবে এবং সংকটাপন্ন রোগীরা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।
  বিষয়:   মহেশখালী  ডেঙ্গু  কক্সবাজার  স্বাস্থ্য কমপ্লেক্স  ডেঙ্গু পরিস্থিতি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত