ছবি: যাযাদিঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ ও দলীয়করণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে চাদাবাজি, দখলবাজি, জ্বালানি, সার, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে দুর্নীতি এবং বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ-দুই আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আজম মো. আবুবকর। তিনি সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে জেলার বিভিন্ন উপজেলার কয়েকজন ডিলারের নাম উল্লেখ করেন। তার দাবি, যোগ্যতা, অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতার পরিবর্তে আত্মীয়তার সম্পর্ক, রাজনৈতিক পরিচয় এবং আর্থিক লেনদেনকে প্রাধান্য দিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
লিখিত বক্তব্যে আলী আজম মো. আবুবকর বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে সার ডিলার নিয়োগ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রম। এ নিয়োগে অনিয়ম হলে কৃষক ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।
তিনি অভিযোগ করেন, ঝিনাইদহের সব উপজেলায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক নেতাদের আত্মীয়স্বজন, সরকারদলীয় নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিলারশিপ দেওয়া হয়েছে।
সংসদ সদস্যের লিখিত বক্তব্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলার পাচ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নে মেসার্স নাজমুল ট্রেডার্সের নামে নাজমুল হক মিশু সার ডিলারশিপ পেয়েছেন। তিনি জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের চাচাতো শ্যালক এবং পৌর এলাকার বাসিন্দা বলে অভিযোগ করা হয়।
একই উপজেলার ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে সাদ ট্রেডার্সের নামে সুরমা হাসান ডিলারশিপ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। তিনি আব্দুল মজিদের বড় শ্যালকের স্ত্রী এবং পৌর এলাকার বাসিন্দা বলে দাবি করেন আলী আজম মো. আবুবকর।
মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার শ্যালক এবং উপজেলা যুবলীগের সভাপতি হাসান বিশ্বাসের ভাই এসহান রেজার সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। এ ছাড়া আজমপুর ইউনিয়নে এমপিওভুক্ত মাদ্রাসাশিক্ষক জাবেদ ইকবালকে ডিলার নিয়োগের প্রসঙ্গ উল্লেখ করে তাঁকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত বলে দাবি করা হয়।
হরিণাকুণ্ডু উপজেলার আট নম্বর চাদপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের আপন ভাই আব্দুল লতিফের ডিলারশিপ পাওয়ার অভিযোগ করা হয়। সদর উপজেলার ১৪ নম্বর ঘোড়শাল ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শোয়েবুর রহমানের সোহাগের সংশ্লিষ্টতার কথাও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
এ ছাড়া সদর উপজেলার এক নম্বর সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে আবদুল্লাহ আল মুবিন এন্টারপ্রাইজের নামে আনোয়ার হোসেনকে ডিলারশিপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। তিনি জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের গৃহকর্মী বলে দাবি করেন সংসদ সদস্য। পাগলাকানাই ইউনিয়নে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজের মালিক রাকিব হাসান বন্ধনকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হিসেবে উল্লেখ করে তার ডিলারশিপ পাওয়ার বিষয়েও প্রশ্ন তোলা হয়।
লিখিত বক্তব্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কমিটি গঠনেও দলীয়করণ এবং অর্থের বিনিময়ে শিক্ষক বদলির অভিযোগ তোলা হয়। এ কমিটি পুনর্গঠনের দাবি জানান সংসদ সদস্য।
এ ছাড়া ঝিনাইদহের বিভিন্ন স্থান ও সড়কে চাদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, দখলদারিত্ব ও প্রভাব বিস্তারের অভিযোগ করা হয়। জেলা পরিষদের নিয়োগপ্রক্রিয়া নিয়েও অনিয়মের অভিযোগ তোলা হয়। বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলন থেকে সার ডিলার নিয়োগসংক্রান্ত সব নথিপত্র পরীক্ষা করে আর্থিক লেনদেনের সত্যতা যাচাই এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া ডিলারদের নিয়োগ বাতিল করে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের আহ্বান জানানো হয়।
এ ছাড়া সার-বীজ মনিটরিং কমিটি ও ডিলারশিপ বাছাই কমিটি বাতিল, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ এবং সার, তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমানোর দাবি জানানো হয়।
আলী আজম মো. আবুবকর বলেন, রাজনৈতিক পরিচয়, আত্মীয়তা কিংবা অবৈধ অর্থের লেনদেন ছাড়াই সরকারি সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। কৃষকদের সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত রাখার দাবিও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-চার আসনের সংসদ সদস্য মো. আবু তালিব, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, নায়েবে আমির আব্দুল আলীম, আব্দুল হাইসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ ছাড়া ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলমগীর হোসাইনের নামও দেওয়া হয়েছে।