কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

কৃষির উন্নয়ন, বাজারব্যবস্থার শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার—সব ক্ষেত্রেই কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্যের বাজারনিরাপত্তা,

2026-10-15T17:31:56+06:00
2026-10-15T17:31:56+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জহির উদ্দিন স্বপন
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৩১ পিএম  
ছবি-যাযাদি
কৃষির উন্নয়ন, বাজারব্যবস্থার শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার—সব ক্ষেত্রেই কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কৃষকের উৎপাদিত পণ্যের বাজারনিরাপত্তা, ন্যায্যমূল্য ও ন্যায্য মুনাফা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘কৃষি ইকোসিস্টেমের উন্নয়ন: ব্লকচেইনের মাধ্যমে সংযোগ, অর্থায়ন ও সহজীকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক কৃষিবাণিজ্যের বিভিন্ন পর্যায়ে যুক্ত মধ্যস্বত্বভোগী ও সংশ্লিষ্ট অংশীজনদের সমস্যা নিয়ে যেভাবে আলোচনা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না। অথচ কৃষকই পুরো কৃষিব্যবস্থার কেন্দ্রবিন্দু। কৃষকের স্বার্থ উপেক্ষা করে কৃষি খাতের উন্নয়ন ও বাজারব্যবস্থার কার্যকর সংস্কার সম্ভব নয়।

তিনি বলেন, প্রযুক্তির যত উন্নয়নই হোক না কেন, মানুষের খাদ্যের মৌলিক চাহিদার কারণে কৃষির ওপর নির্ভরতা অব্যাহত থাকবে। দেশের প্রায় ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। তা সত্ত্বেও সমাজের অনেক ক্ষেত্রে কৃষি পেশাকে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের কৌশলগত গুরুত্ব যথাযথভাবে মূল্যায়ন না করলে এ খাত নিয়ে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।

কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষককে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে কৃষি একটি কৌশলগত গুরুত্বপূর্ণ খাত।

কৃষি খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উদ্দেশে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সুফল সরাসরি কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের বাজারনিরাপত্তা, ন্যায্য মুনাফা এবং পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। মধ্যস্বত্বভোগী কিংবা সিন্ডিকেটের মাধ্যমে কৃষক যাতে প্রতারিত না হন, সে জন্য কার্যকর ও কাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষি খাতে ভর্তুকিনির্ভরতার পরিবর্তে দীর্ঘমেয়াদি, টেকসই ও লাভজনক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বক্তারা কৃষি খাতে স্বচ্ছতা, অর্থায়ন ও আধুনিক ব্লকচেইন প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে বাজারব্যবস্থাকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, প্রযুক্তির কার্যকর প্রয়োগ কৃষিপণ্যের সরবরাহব্যবস্থায় স্বচ্ছতা বাড়ানো এবং উৎপাদক ও বাজারের মধ্যে সংযোগ জোরদার করতে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার এবং ইনোভেটেক প্যানেল-১ (বাজার সংযোগ) প্রকল্পের পরিচালক ক্রিস্টিনা ওলসেন।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম. শাইফুর রহমান মজুমদার, জেনারেল ম্যানেজার শাহজাহান শেখ, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) কান্ট্রি হাব ম্যানেজার আলী এম. খান এবং ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লাসহ অন্যরা।
  বিষয়:   কৃষক  ন্যায্যমূল্য  স্বপন 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত