প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৪ পিএম
ছবি: যাযাদিমুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির অভিযোগ উঠেছে। উপজেলার কনকসার ইউনিয়নের সিংহারহাটি এলাকায় কনকসার-মাওয়া সড়কের পাশে অবস্থিত ওই গ্যারেজ থেকে ২০টি অটোরিকশা, ১০৪টি ব্যাটারি, নগদ ১৫ হাজার টাকা ও একটি এলইডি টেলিভিশন নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন গ্যারেজের মালিক মিলু মৃধা। এ ঘটনায় তিনি লৌহজং থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দুই টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান মিলু মৃধা।
তিনি বলেন, রাতে ঘুমের মধ্যে শব্দ শুনে জেগে ওঠেন। পরে দেখতে পান, তার চোখ-মুখ ও হাত-পা বাঁধা। এ সময় গ্যারেজে থাকা কয়েকজন অপরিচিত ব্যক্তি ২০টি অটোরিকশা ও ১০৪টি ব্যাটারি নিয়ে যায় বলে তার অভিযোগ। এ ছাড়া তাঁর কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ও গ্যারেজের একটি এলইডি টেলিভিশনও নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
মিলু মৃধার দাবি, এ ঘটনায় তার প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে তিনি লৌহজং থানায় লিখিত অভিযোগ করেছেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটনের আশা প্রকাশ করেন তিনি।