প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১:৩৪ পিএম
ছবি-যাযাদি নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে সামনে নেত্রকোনা কেন্দুয়া সড়কে সকাল ১১ টায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।একই সঙ্গে নিহত সাংবাদিকের স্ত্রী ও দুই সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা। কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম।
মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃরফিকুল ইসলাম,সিনিয়র সদস্য সাংবাদিক হারেছ উদ্দিন ফকির,প্রেসক্লাব সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভূঁইয়া,উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বকর্মা, প্রেসক্লাব সদস্য নাট্যকার এবং আমাদের সময় কেন্দুয়া প্রতিনিধি রাখাল বিশ্বাস , দিনকাল প্রতিনিধি, সালাউদ্দিন সালাম, দৈনিক আজকের খবর-এর মঞ্জুরা আক্তার লিলি, কেন্দুয়া ও স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো সাংবাদিককে এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হতে না হয়।
তাঁরা আরও বলেন, আলিফের মৃত্যুতে তাঁর স্ত্রী ও দুই ছোট সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের ভরণপোষণ, আর্থিক সহায়তা ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে সাংবাদিক আলিফ হত্যার সুষ্ঠু বিচার ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলনজিয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বেসরকারি আইপি টেলিভিশন রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির আলিফ।
এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরে ১৭ অক্টোবর রাতে অপূর্ব (২১) নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ১৭ অক্টোবর দিবাগত রাতে অপূর্ব (২১) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।