প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি-যাযাদি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মোঃ রাহিম নামে এক শিশু । তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কোদালিয়া গ্রামে সিরাজ ব্যাপারীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রাহিমের বাবা মোঃ ইয়াসিন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। পরিবার নিয়ে তাঁরা ঢাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে রাহিম। মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা পুকুরে মাছ ধরতে নামেন। এ সময় সবার অগোচরে রাহিমও পুকুরের পানিতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি শিশুটির।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহিদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।