প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:১০ পিএম
ছবি-যাযাদি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান পূজামন্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নে বেশ কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দেখে অধিনায়ক ৫৫ বিজিবি সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতির কাছ থেকে তাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিকল্পনা মোতাবেক টহল জোরদার, গোয়েন্দা নজরদারি, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে ৫৫ বিজিবি।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টি, সর্বমোট ৬৪টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করছে।
বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষায় নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।