প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৩.১০.২০২৬ ৮:১১ পিএম (প্রিন্ট সংস্করণ)
বাংলাদেশ ফুটবল লিগে আবাহনী ও ব্রাদার্সের খেলার একটি মুহূর্ত —সংগৃহীতবাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে হারের মূখ দেখল ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। আর লিগে তাদের সেই প্রথম হারের তিক্ত স্বাদটি দিয়েছে গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। শুক্রবার গোপালগঞ্জ স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আকাশি-নীলেরা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা, তিনি একাই করেন দুটি গোল। ম্যাচে উভয় দলের দুই ফুটবলার দেখেছেন লাল কার্ডও।
নিজেদের রক্ষণের ভুলে প্রথম গোলটি হজম করে ঢাকা আবাহনী লিমিটেড। ম্যাচের ২৭ মিনিটে ব্রাদার্সের সীমানা থেকে লম্বা করে বাড়ানো বল আবাহনীর রক্ষণভাগ ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে ব্রাদার্স ফরোয়ার্ড আলী রেজা পেয়ে যান, পায়ের টোকায় সহজেই জালে পাঠান তিনি (১-০)। প্রথমার্ধে গোল শোধ করতে পারেনি আবাহনী। ব্রাদার্সও আর ব্যবধান বাড়াতে পারেনি। বিরতির পর ম্যাচে ফেরে আকাশি-নীলরা। ৫৭ মিনিটে পরিকল্পিত একটি ফৃ-কিক থেকে বল পান রবিউল হাসান, তার বা পায়ের গড়ানো শটে বল জড়ায় ব্রাদার্সের জালে (১-১)। সমতায় ফেরার পর জয়সূচক গোলের খোজে আক্রমণাত্মক হয়ে ওঠে মারুফুল হকের দল। তবে গোলের জন্য ঝাপিয়ে উল্টো গোল খেয়ে বসে তারা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার লম্বা করে বাড়ানো বল ধরে দ্রুত বক্সে ঢুকে পড়েন আলী রেজা। আবাহনীর ডিফেন্ডার বাবলু বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ঠান্ডা মাথায় বল জালে ঠেলে দেন পাকিস্তানি ফরোয়ার্ড (২-১)। ম্যাচের ৬১ মিনিটে ঘটে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাচি ব্রাদার্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার সান্তানাকে ধাক্কা দেন। জবাবে সান্তানাও পাল্টা ধাক্কা দিলে রেফারি দুই জনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এ ম্যাচে আবাহনীর পোস্টের নিচে ছিলেন মাহফুজ হাসান। প্রথম গোল হজমে তার কিছুটা দায় থাকলেও ম্যাচে দুটি ভালো সেভও করেন মিতুল মারমার জায়গায় সুযোগ পাওয়া এই গোলকিপার। তবে শেষ রক্ষা হয়নি। এবারের বাংলাদেশ লিগে চার ম্যাচ খেলে এটিই আবাহনীর প্রথম হার। ড্র দিয়ে লিগ শুরু করার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছিল তারা। অন্যদিকে প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হারের পর চতুর্থ ম্যাচে এসে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাদার্স ইউনিয়ন।
একই দিনে চাদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৩-২ গোলে হারায় রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ম্যাচে জোড়া গোল করেন ইয়ংমেন্সের সোলেমান সিল্লাহ।
ম্যাচের ২০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইয়ংমেন্স। গোলটি করেন সোলেমান (১-০)। ৫৭ মিনিটে রহমতগঞ্জের সাজ্জাদ হোসেন গোল করে ম্যাচে সমতা আনেন (১-১)। ৬৬ মিনিটে অভিষেক লিম্বুর গোলে ব্যবধানটা আরো বাড়িয়ে নেয় রহমতগঞ্জ (২-১)। তবে খুব বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৭১ মিনিটে পেনাল্টি পায় ইয়ংমেন্স। সোলেমান সিল্লাহর স্পট কিক আশ্রয় নেয় রহমতগঞ্জের জালে (২-২)। ম্যাচে আবারো সমতা আসে। নির্ধারিত ৯০ মিনিটেও স্কোরলাইন একই ছিল। ম্যাচ যখন নিশ্চিতই ড্রয়ের দিকে গড়াচ্ছিল সে সময় ইনজুরি টাইমে (৯০+৪ মিনিটে) ইব্রাহিমা সেনে গোল করে রহমতগঞ্জকে তিন পয়েন্ট পাইয়ে দেন (৩-২)।