প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৪২ পিএম (প্রিন্ট সংস্করণ)
গোল করার পর মোহামেডানের খেলোয়াড়দের উচ্ছ্বাস -সংগৃহীতঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ ছুটছেই। বাংলাদেশ ফুটবল লিগে টানা চতুর্থ জয় পেয়েছে সাদা-কালোরা। চলতি লিগে দারুণ ছন্দে আছে দলটি। তারই ধারাবাহিকতায় শনিবার মুন্সীগঞ্জের শহিদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে হারিয়েছে মোহামেডান। ইমন দলকে এগিয়ে নেয়ার পর সুলেমান দিয়াবাতে, মোজাফ্ফর মোজাফ্ফরভ ও আরিফ হোসেন ব্যবধান বাড়ান। লিগে চার ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে ঐতিহ্যবাহীরা।
এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। তাদের ওপরে শুধু পুলিশ ফুটবল ক্লাব। পাচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা পুলিশ শনিবার মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে পিডব্লিউডিকে হারিয়েছে ১-০ গোলে। তবে পুলিশের চেয়ে এক ম্যাচ কম খেলেই তাদের ঘাড়ে নিশ্বাঃস ফেলছে মোহামেডান।
মুন্সীগঞ্জে ওয়ান্ডারার্সের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। শাহরিয়ার ইমন গোল করলেন। দুই সতীর্থের গোলেও রাখলেন অবদান। বাংলাদেশ ফুটবল লিগের তলানির দল ঢাকা ওয়ান্ডারার্সকে অনায়াসে হারিয়েধ শতভাগ জয়ের ধারা ধরে রাখলো তারা। প্রতিপক্ষের রক্ষণের ঢিলেমির সুযোগ কাজে লাগিয়ে ২৯তম মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন ইমন। সতীর্থের থ্রু পাস ধরে অফসাইডের ফাদ ভেঙে দুই ডিফেন্ডারের ফাক দিয়ে বেরিয়ে যান, এরপর আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড (১-০)। ডিফেন্ডাররা ও গোলকিপার মোহাম্মদ মহিউদ্দিন খুব একটা তৎপর ছিলেন না। এক গোল হজমের পর অবশ্য কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল ওয়ান্ডারার্স। যে কারণে প্রথমার্ধে আর কোন গোল করতে পারেনি সাদা-কালোরা। তবে ওয়ান্ডারার্সও গোল শোধ করতে পারেনি। তাই ইমনের গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় মোহামেডান। তবে দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে জোড়া গোলে ওয়ান্ডারার্সকে কোণঠাসা করে ফেলে মোহামেডান। ৫৩তম মিনিটে ইমনের আড়াআড়ি ক্রস গোলমুখ থেকে নিখুত টোকায় জালে জড়িয়ে দেন মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে (২-০)। এর চার মিনিট পর এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে কোনাকুণি শটে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভ (৩-০)। ৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে সুলেমানে দিয়াবাতের ফ্রি কিক রক্ষণ দেয়াল পার হলেও পোস্টে প্রতিহত হয়। তবে একটু পর ইমনের বক্সে বাড়ানো আড়াআড়ি ক্রসের ক্লিয়ার করতে পারেননি এক ডিফেন্ডার। ৮৬ মিনিটে দূরের পোস্টে থাকা আরিফ হোসেন টোকায় ব্যবধান বাড়ান আরও (৪-০)। টানা চার জয়ে লিগের শিরোপা জয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল মোহামেডান।
দিনের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি ক্লাব। জয়ী দলের শায়েক দোস্ত করেছেন জোড়া গোল। অন্য দুই গোলদাতা ওনিয়েকাচি ওকাফোর ও এনামুল ইসলাম গাজী।