প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৪২ পিএম (প্রিন্ট সংস্করণ)
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে বড় চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-২০ দলের দুই ফুটবলার রোনান সুলিভান ও মোহাম্মদ মাহি খান।
অন্যদিকে, আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা শাহরিয়ার ইমনসহ শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমান জায়গা পাননি প্রাথমিক দলে। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহ কিরমানি। নতুন দুই মুখের মধ্যে আমেরিকায় জন্ম নেয়া ফরোয়ার্ড রোনান সুলিভান গত এপৃলে বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন তিনি। ইনডিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালেও টাইব্রেকারে গোল করেন এই তরুণ। বর্তমানে আমেরিকার সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে খেলছেন রোনান। অন্য দিকে, ইংল্যান্ডে জন্ম নেয়া স্ট্রাইকার মোহাম্মদ মাহি খানেরও রয়েছে বয়স-ভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা মাহি বর্তমানে ইংলিশ ফুটবলের নবম স্তরের ক্লাব মলটন এফসির প্রতিনিধিত্ব করছেন। চলতি মৌসুমে মাত্র সাত ম্যাচে ৯ গোল করেছেন তিনি। দারুণ এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন এই স্ট্রাইকার। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে আছেন তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল ও তারিক রায়হান কাজী। মাঝমাঠে রয়েছেন জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, সামিত সোম, কাজেম শাহ, জামাল ভূইয়া ও ফারহান আলী ওয়াহিদ। আক্রমণভাগে শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহমিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান রয়েছেন।