প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:১০ পিএম
খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) জাহাজ এলসিটি-১০৪। খুলনা শিপইয়ার্ড লিমিটেডে জাহাজটির আনুষ্ঠানিক লঞ্চিং সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) খুলনা শিপইয়ার্ডে বেলুন উড়িয়ে জাহাজটির লঞ্চিং কার্যক্রম উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মো. মাকসুদুল আলম।
খুলনা শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজটি একসঙ্গে ৩৫০ জন সেনাসদস্য, তিনটি ট্যাংক অথবা ১১৮টি সামরিক যানবাহন বহনে সক্ষম। কানাডীয় নকশা অনুসরণ করে বিশেষায়িত স্টিল দিয়ে নির্মিত জাহাজটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ক্যাটারপিলার ইঞ্জিন।
বাংলাদেশ নৌবাহিনীর জন্য খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন তিনটি ল্যান্ডিং ক্রাফট ট্যাংকের মধ্যে এটি তৃতীয় জাহাজ। এসব জাহাজ নৌবাহিনীর পরিবহন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সামরিক ও সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন সেবামূলক কাজে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা নিয়োজিত রয়েছে। নৌবাহিনীকে আরও আধুনিক ও সক্ষম করে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফসহ নৌবাহিনী ও শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।