প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:১১ পিএম
প্রতীকী ছবিখুলনার তেরখাদায় মোঃ রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে।
গুলিতে তাঁর পাঁজর বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতা রামীম বিশ্বাস পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি তাঁর পাঁজরে লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।