প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১:২৫ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ১:২৬ পিএম
বাহাদুর মুন্সী খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সীর বিরুদ্ধে ওঠা দুর্নীতিসংক্রান্ত অভিযোগ ও প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে খুলনা জেলা যুবদল।
আজ শনিবার (২৪ অক্টোবর) খুলনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন যোগাযোগমাধ্যমে দুর্নীতিসংক্রান্ত অভিযোগ ও সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের লক্ষ্যে জেলা যুবদলের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে খুলনা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. জাবির আলীকে। কমিটির অন্য দুই সদস্য হলেন জেলা যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক গাজী মাহফুজুল ইসলাম।
তদন্ত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, প্রকাশিত অভিযোগ ও সংবাদ নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক নথিপত্র, তথ্য-উপাত্ত ও প্রমাণাদি সংগ্রহ করতে হবে। পাশাপাশি অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করে বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তদন্তের মাধ্যমে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে মতামত দিতে হবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক সুপারিশসহ লিখিত প্রতিবেদন দাখিল করতে হবে। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জেলা যুবদলের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত কার্যক্রমে সম্পূর্ণ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে জেলা যুবদলের যথাযথ কর্তৃপক্ষ পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে বাহাদুর মুন্সীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমেই নির্ধারিত হবে।