প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ৯:৪০ পিএম (প্রিন্ট সংস্করণ)
রোনালদিনহোপ্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের ওয়ার্ল্ড কাপজয়ী কিংবদন্তি রোনালদিনহো। পেশাদার ফুটবলে সর্বশেষ মাঠে নামার ১১ বছর পর ইটালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে খেলতে দেখা যেতে পারে সাবেক এই স্টারকে। আগামী ১৫ নভেম্বর ফরলির বিপক্ষে ম্যাচ দিয়ে ৪৬ বছর বয়সী এই ফুটবলারের প্রত্যাবর্তনের কথা রয়েছে।
গত জুনে সবাইকে চমকে দিয়ে রাভেনায় যোগ দেন রোনালদিনহো। খেলোয়াড় হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি ক্লাবটির শেয়ারহোল্ডারও হওয়ার কথা রয়েছে তার। গত শুক্রবার এক বিবৃতিতে আগামী মাসে ফরলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান তারকার অভিষেকের সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছে রাভেনা।
ম্যাচটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হবে বলে আশা করছে ক্লাবটি। ব্রুনো বেনেল্লি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচ নিয়ে এক বিবৃতিতে রাভেনা জানিয়েছে, ‘ফুটবল বিশ্ব ভেবেছিল, এমন প্রত্যাবর্তন সত্যি হওয়ার নয়। কিন্তু এখন আমরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারি, জাদু, হাসি আর প্রজন্মের পর প্রজন্মের সমর্থকদের মুগ্ধ করা প্রতিভা আবার ফিরছে।’
২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ফুটবল খেলেন রোনালদিনহো। ইওরোপের ফুটবলে প্যারিস সেন্ট-জার্মেই, বার্সেলোনা ও এসি মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। ২০০২ সালে ব্রাজিলের ওয়ার্ল্ড কাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। ২০০৫ সালে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে জেতেন ব্যালন ডি’অর।
রাভেনার মালিক ইটালীয়-আমেরিকান ব্যবসায়ী ইগ্নাজিও চিপ্রিয়ানি। রোনালদিনহোকে দলে ভেড়ানোর পেছনে তার একটি বিশেষ স্বপ্ন রয়েছে। তিনি চান, ক্যারিয়ারের শেষ গোলটি রাভেনার জার্সি গায়ে করুক ব্রাজিলিয়ান কিংবদন্তি। চুক্তির সময় চিপ্রিয়ানি জানিয়েছিলেন, নিজের ক্যারিয়ারের ৩০০তম গোল করার লক্ষ্যও রোনালদিনহোর এই নতুন যাত্রার অন্যতম প্রেরণা।
গত আগস্টে সমুদ্রসৈকতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় রাভেনা। তার যোগদানকে কেন্দ্র করে ক্লাবটির সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান তারকার আগমন ঘিরে ক্লাবটির মৌসুমের টিকেট বিক্রিও বেড়েছে।
বর্তমানে ইটালির তৃতীয় স্তরের প্রতিযোগিতা সেরি আ সি-এর গ্রুপ ‘বি’-তে খেলছে রাভেনা। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এবার রোনালদিনহোর প্রত্যাবর্তন ক্লাবটির সমর্থকদের আগ্রহ আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।