প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৫:৫৯ পিএম
ছবি-যাযাদি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অংশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মহাসড়কের ভবানীপুর এলাকা থেকে এ অভিযান শুরু হয়।অভিযানে ভবানীপুর থেকে বাঘের বাজার ও মেম্বার বাড়ী পর্যন্ত মহাসড়কের দুপাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থপনা দোকানপাট উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে মহাসড়কের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে ওঠায় সড়কের প্রশস্ততা কমে যাওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।
এতে প্রায়ই যানজটের সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। অভিযানের সময় প্রশাসনের কর্মকর্তারা দখলদারদের নির্ধারিত জায়গার বাইরে স্থাপনা না করার বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে মহাসড়কের সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।
তিনি বলেন মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই। সড়কটি গুরুত্বপূর্ণ মহাসড়ক হওয়ায় যানবাহন ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দখলমুক্ত রাখা প্রয়োজন। সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।তিনি আরো , মহাসড়কের জায়গা চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।
উচ্ছেদের পর একই স্থানে আবার স্থাপনা নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।অভিযানে, উপজেলা সহকারী কমিশনের (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান ও গাজীপুর সদর সার্কেল লিপি রানী সিনহা ,জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনসহ র্যাব পুলিশ ও বিজিবিও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে অবৈধ দোকানপাট ও স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছিল। উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সড়কের শৃঙ্খলা ফিরবে এবং যানজটও অনেকটা কমবে বলে আশা করছেন তারা।প্রশাসন জানিয়েছে, মহাসড়কের নিরাপত্তা ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে অবৈধ দখল উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।