প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:০৯ এএম (প্রিন্ট সংস্করণ)
সংগৃহীত ছবি দীর্ঘ দিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ১৭৭ জন কর্মচারির চাকরি স্থায়ী করা হয়েছে। ব্যাংকের কর্মচারি কল্যাণ ইউনিয়ন (সিবিএ বি-২২৪১)-এর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মচারিদের দীর্ঘ দিনের কর্ম সংস্থানের অনিশ্চয়তার অবসান হয়েছে। স্থায়ীকৃতদের মধ্যে অনেকেই ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন থেকে কর্মরত রয়েছেন।
১ সেপ্টেম্বর চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্ত কার্যকর হয়। এর ফলে সংশ্লিষ্ট কর্মচারীদের কর্ম জীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের মধ্যে স্বস্তি, আত্ম বিশ্বাস ও নতুন কর্ম উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
চাকরি স্থায়ীকরণের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্মচারি কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. মাজেদুল ইসলাম বলেন, ‘দীর্ঘ দিন ধরে অস্থায়ী হিসেবে কর্মরত আমাদের সহকর্মীদের চাকরি স্থায়ী হওয়া অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এর মাধ্যমে তাদের দীর্ঘ দিনের অনিশ্চয়তার অবসান হয়েছে এবং কর্ম জীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের এ ইতিবাচক ও মানবিক সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এ সিদ্ধান্তের জন্য আমরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, এ সিদ্ধান্ত কর্মীদের মনোবল ও কর্মস্পৃহা আরো বাড়াবে এবং তারা ব্যাংকের প্রতি আরো দায়িত্বশীল ও আন্তরিক থেকে কাজ করবেন।’
কর্মচারি কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘১৭৭ জন অস্থায়ী সহকর্মীর চাকরি স্থায়ীকরণ তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়ন। এ সিদ্ধান্ত কর্মীদের মধ্যে নতুন আস্থা ও উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা আশা করি, স্থায়ীকৃত সহকর্মীরা তাদের দীর্ঘ দিনের অভিজ্ঞতা, দক্ষতা ও কর্মনিষ্ঠাকে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মান উন্নয়ন এবং সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। কর্মচারিদের কল্যাণের পাশাপাশি ব্যাংকের সার্বিক স্বার্থে কর্মচারি কল্যাণ ইউনিয়ন ভবিষ্যতেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে।’ প্রেস রিলিজ