প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১১:০৮ এএম (প্রিন্ট সংস্করণ)
দীর্ঘ দিন আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধে কম্পানির সম্পদ বিক্রি করে পরিশোধের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংশ্লিষ্ট জীবন বীমা কম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দ্বিতীয় দফায় পাচ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি তিন লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। গত সোমবার পাচটি জীবন বীমা কম্পানির এসব পলিসি ধারীকে তাদের প্রাপ্য অর্থ পরিশোধ করা হয়।
আইডিআরএ সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কম্পানির তিন হাজার ৬০০ জন পলিসি ধারীর ১২ কোটি টাকা পরিশোধ করা হবে। হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের এক হাজার ১৪৫ জন পাবেন চার কোটি ৯৮ লাখ আট হাজার ৫১৪ টাকা। এ ছাড়া ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৫৮০ জন পলিসি ধারীর পাচ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্সের ৩০০ জনের ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফ ইন্সুরেন্সের ২৪৩ জন পলিসি ধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা পরিশোধ করা হবে। সব মিলিয়ে দ্বিতীয় দফায় পাচ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি তিন লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি নিষ্পত্তি হচ্ছে। এর আগে গত ৩ সেপ্টেম্বর আইডিআরএর উদ্যোগে প্রথম দফায় সাতটি জীবন বীমা কম্পানির দুই হাজার ৫৪৯ জন পলিসি ধারীর বীমা দাবি পরিশোধ করা হয়। ওই দফায় মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়। দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮ হাজার ৪১৭ জন পলিসি ধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে।
আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসি ধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বিমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম নেয়া হয়েছে।
কর্তৃপক্ষের উদ্যোগে সংশ্লিষ্ট কম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘ দিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তি করা হচ্ছে। এর মাধ্যমে বীমা খাতে দীর্ঘ দিন ধরে তৈরি হওয়া গ্রাহকদের অনাস্থা কাটিয়ে আনার পাশাপাশি পলিসি ধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার চেষ্টা করছে নিয়ন্ত্রক সংস্থা। আইডিআরএ জানিয়েছে, দীর্ঘ দিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির কার্যক্রম এখানেই শেষ নয়। অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।