প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
ছবি-যাযাদিগাজীপুরের শ্রীপুরে দুই মণ আট কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে গাজীপুরের পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। এরআগে, শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে শ্রীপুর উপজেলার বরমী এলাকা থেকে ৮৮ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ উপজেলার বরমী মধ্যপাড়া কাজলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এই বাড়ির ভাড়াটিয়া কবির হোসেনের থাকার ঘর থেকে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে যায়। এসময় মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনা (৪৫)কে আটক করা হয়।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, 'এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাহমিনাকে আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালতে নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মাদক কারবারি কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।'
তিনি বলেন,'কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক মামলাসহ পুলিশকে মারধরের ১টিমামলা রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁকে বিচারের সম্মুখীন করা হবে।'