প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি-যাযাদি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে সাপের কামড়ে হেলাল খন্দকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে নিজ চাষাবাদ করা ধানখেতে ধানের চারা দেখতে গেলে তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই স্পিডবোটে করে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুলা আল নোমান জানান, রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হেলালকে হাসপাতালে আনা হয়। এ সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল। তার অক্সিজেন পাওয়া যাচ্ছিল না এবং হৃদস্পন্দনও খুব দ্রুত ছিল। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে অক্সিজেন ও চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেন। তবে চিকিৎসা শুরুর আগেই তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়।
নিহত হেলাল খন্দকার চরবেষ্টিন গ্রামের সবুজ খন্দকারের ছেলে।
স্থানীয়রা জানান, রাঙ্গাবালী উপজেলায় সরকারি হাসপাতাল না থাকায় সাপে কাটা হেলালকে নদীপথে প্রায় ৩০ কিলোমিটার দূরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়েছে। এতে হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছে। এর আগে স্থানীয় এক ওঝার কাছে নেওয়ায়ও সময়ক্ষেপণ হয়েছে বলে জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, দুর্গম চরাঞ্চলে সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসার জন্য রাঙ্গাবালীতে পর্যাপ্ত চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনমের ব্যবস্থা না থাকায় নদীপথে গলাচিপায় যেতে হয়। ফলে জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ে।
এদিকে হেলালের মৃত্যুর সংবাদ শুনে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে নিহতের বাড়িতেও চলছে শোকের মাতম। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।