প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ পিএম আপডেট: ২৪.০৯.২০২৬ ৩:২২ পিএম
সংগৃহীত ছবি খুলনার ডুমুরিয়ায় গোপন বৈঠক করে সরকার উৎখাত ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে গত সোমবার রাতে ডুমুরিয়া থানায় মামলাটি করেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি।
মামলায় ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামের একটি বাগানবাড়িতে ডুমুরিয়া ও পাশের ফুলতলা উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠকে মিলিত হন বলে অভিযোগ করা হয়েছে। সেখানে বর্তমান সরকার উৎখাত, নাশকতামূলক কর্মকাণ্ড ও সরকারবিরোধী ঝটিকা মিছিলের পরিকল্পনা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও অভিযোগ করা হয়, বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয়। ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জি থানায় মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, মোস্তফা কামাল খোকন, সরদার আব্দুল গনি, জেলা পরিষদের সাবেক সদস্য শোভা রানী হালদার ও হাসনা হেনা এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমাসহ ৪৭ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে সাবেক জনপ্রতিনিধির পাশাপাশি শিক্ষক ও সাংবাদিকও রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।