ছবি-যাযাদি পাহাড়ি জনপদ বান্দরবানে সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের উপ-অধিনায়ক মেজর সায়েম আহমেদ, পিএসসি, এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন সদর দপ্তর জিএসও-২ মেজর পারভেজ রহমান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান রিজিয়ন সদর দপ্তর জিএসও-৩ ক্যাপ্টেন সামিউল ইসলাম, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম, বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ সভাপতি আজহারুল ইসলাম বাবুল, এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন মোঃ রফিকুল আলম।
এ সময় সামরিক-বেসামরিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনী, বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে রয়েছে বান্দরবান সদর জোন। টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে বান্দরবান জেলা প্রশাসন, বান্দরবান ফুটবল ফেডারেশন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ সার্বিক সহযোগিতা করছে।
উদ্বোধনী দিনে বিকেল ৩টা ৪৫ মিনিটে বান্দরবান জেলা স্টেডিয়ামে রোয়াংছড়ি উপজেলা বনাম রুমা উপজেলা পুরুষ দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে ঘিরে স্টেডিয়ামজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর অন্যতম উদ্দেশ্য হলো ক্রীড়ার মাধ্যমে বান্দরবানের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর তরুণদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা। একই সঙ্গে টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ও উদীয়মান ফুটবল প্রতিভা অন্বেষণ করা হবে। বাফুফের প্রতিনিধিদের মাধ্যমে খেলোয়াড়দের যাচাই-বাছাইয়েরও উদ্যোগ রয়েছে।
এ ছাড়া তরুণ সমাজকে সুস্থ, ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে ক্রীড়াচর্চার পরিবেশ আরও সম্প্রসারিত করার লক্ষ্য রয়েছে এ আয়োজনের।
সংশ্লিষ্টরা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বান্দরবানের মানুষের পাশে থেকে নিরাপত্তা, মানবিক সহায়তা, জনকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিণত হয় উৎসবমুখর আয়োজনে। মাঠজুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে জেলা স্টেডিয়ামে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
‘খেলাধুলায় সম্প্রীতি, সম্প্রীতিতে সমৃদ্ধি’-এই প্রত্যয়ে আয়োজিত ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ বান্দরবানের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর মানুষের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।