প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি-যাযাদি গোসল করতে খালের পানিতে নেমেছিলেন বেলি বিবি (৫৫)। এরপর আর বাড়ি ফেরা হয়নি তাঁর। নিখোঁজের এক দিন পর শুক্রবার সকালে নদায়ার খালের সুইসগেট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বেলি বিবি ওই গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নদায়ার খালের সুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। পানিতে নামার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
শুক্রবার ভোরে স্থানীয় যুবক বিপ্লব হোসেন ওই এলাকায় মাছ ধরতে যান। একপর্যায়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেন তিনি। পরে স্থানীয়রা মরদেহটি বেলি বিবির বলে শনাক্ত করেন।
খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলের পাশে বেলি বিবির জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে ছিল।
বেলি বিবির ভাই হেলাল খান বলেন, বৃহস্পতিবার থেকে তাঁর বোন নিখোঁজ ছিলেন। শুক্রবার সকালে স্থানীয় এক যুবক পানিতে তাঁর মরদেহ দেখতে পান। তাঁর বোনের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন তিনি।
বেলি বিবির স্বামী বাচ্চু সরদার বলেন, তাঁর স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার তিনি বাড়িতে ছিলেন না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। ঘটনাস্থলের পাশে স্ত্রীর জুতা, গোসলের কাপড় ও সাবান পাওয়া গেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় বেলি বিবির স্বামী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।