প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম
ছবি-যাযাদি কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহালের ভোগদখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রামের আখড়াবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বিলমাকশা জলমহালের ভোগদখল নিয়ে বেশ কিছুদিন ধরে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক এসএম শাহিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) আমিনুল ইসলাম বলেন, দুপুর ২টা পর্যন্ত ২২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।