প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি-যাযাদি গাজীপুরের টঙ্গীতে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি ও স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
টঙ্গীর নওগাঁ এলাকায় স্থানীয় যুবদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাকে ও তার পরিবারের সদস্যদের সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিত ভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অতীতে করা একটি মামলার আইনি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরপরও ওই বিষয়কে কেন্দ্র করে নতুন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আব্দুল খালেক মিয়া বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও থানায় করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসব অভিযোগের কারণে আমি ও আমার পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ভাবে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে করা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানান।