প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম
ছবি-যাযাদি মানিকগঞ্জের শিবালয়ে পৃথক অভিযান চালিয়ে ৬৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খা গ্রামের আকবর হোসেনের ছেলে কাউসার হোসেন (২৭) এবং শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার কলাগাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি লিমিটেডের সামনে অভিযান চালানো হয়। এ সময় কাউসার হোসেনকে আটক করে তাঁর কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৬০ গ্রাম। পুলিশের হিসাবে এর আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
অপরদিকে, একই রাতে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের মুন্নাফ মোল্লার বাড়ির সামনে অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ৩ দশমিক ১ গ্রাম। এ সময় তাঁর ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসির একটি হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এছাড়া, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।