প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৭:২০ পিএম
পুকুরে বিষ প্রয়োগের পর মরে ভেসে উঠেছে কৃষক আলম মন্ডলের চাষ করা মাছ । ছবি-যাযাদি রাজবাড়ীর পাংশা উপজেলায় এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলম মন্ডল (৩৫) এ ঘটনায় দুর্বৃত্তদের দায়ী করেছেন।
আলম মন্ডল বাংলাট গ্রামের মৃত আমজেদ আলী মন্ডলের ছেলে। তিনি বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
ভুক্তভোগী কৃষক জানান, ঘটনার আগের দিন বুধবার সন্ধ্যায়ও তিনি পুকুরে মাছের খাবার দেন। তখন মাছগুলো সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিল। কিন্তু বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি দেখতে পান, সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে।
আলম মন্ডল বলেন, “ধার-দেনা করে মাছ চাষ শুরু করেছিলাম। কে বা কারা এমন ক্ষতি করল আমার জানা নেই। এই বিশাল ক্ষতি আমি কীভাবে পুষিয়ে উঠব বুঝে উঠতে পারছি না। পরিবার-পরিজন নিয়ে এখন আমার পথে বসার উপক্রম হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয় বাসিন্দারা জানান, আলম মন্ডল সহজ-সরল প্রকৃতির মানুষ। এলাকায় তার কোনো শত্রু আছে বলেও তাদের জানা নেই। শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকলে তাদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির দাবি জানান তারা।
পুকুরে বিষ প্রয়োগের ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।