এশিয়ান গেমসে পদক ছাড়াই মাঠ ছাড়লো টাইগাররা

যাযাদি অনলাইন

খেলা

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে পদক ছাড়াই অভিযান শেষ করেছে লিটন দাসের

2026-10-03T10:46:38+06:00
2026-10-03T10:46:38+06:00
বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
খেলা
এশিয়ান গেমসে পদক ছাড়াই মাঠ ছাড়লো টাইগাররা
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৬ এএম  
সংগৃহীত ছবি
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে পদক ছাড়াই অভিযান শেষ করেছে লিটন দাসের দল।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় দলের ইনিংস।

আজ শনিবার নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১০২ রানে।

লক্ষ্য তাড়ায় শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে নুয়ান থুশারার শিকার হন সাইফ হাসান। ৬ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের ওভারে থারিন্দু রাত্নায়েকের বলে শূন্য রানে ফেরেন তানজিদ হাসান। এরপর তৃতীয় ওভারের প্রথম বলে থুশারার বলে বোল্ড হন অধিনায়ক লিটন দাস। তিনিও কোনো রান করতে পারেননি।

মাত্র ৪ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৬ বলে ১১ রান করে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৮ রানে চতুর্থ উইকেট হারানোর পরও ঘুরে দাঁড়াতে পারেনি দল।

পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী কিছুটা প্রতিরোধ গড়েন। ইমন ২৬ বলে ২২ এবং ইয়াসির ১৬ বলে ২১ রান করেন। তবে ৫০ রানে পরপর দুই বলে ইমন ও মেহেদী হাসানের বিদায়ে বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়।

রিশাদ হোসেন ৫ বলে ১০ রান করে সাময়িক ঝলক দেখালেও দলের হাল ধরতে পারেননি। শেষদিকে নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। আলিস আল ইসলাম করেন ৪ রান এবং মোস্তাফিজুর রহমান ৩ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুশারা, থারিন্দু রাত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

বল হাতে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ২১ রানের মধ্যে শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন বাংলাদেশের বোলাররা। তবে পঞ্চম উইকেটের পর ম্যাচের চিত্র পাল্টে দেন শ্রীলঙ্কার অধিনায়ক সাহান আরাচ্চিগে ও থারিন্দু রাত্নায়েকে।

ষষ্ঠ উইকেটে দুজনের ৯৩ রানের জুটি শ্রীলঙ্কাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। রাত্নায়েকে মাত্র ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আরাচ্চিগে ৩৭ বলে করেন ৩৩ রান।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান ১৯ রান দিয়ে এবং সাইফ হাসান দুটি করে উইকেট নেন। মোস্তাফিজুর রহমান দুটি উইকেট পেলেও ৩ ওভারে খরচ করেন ৪৩ রান। অভিষিক্ত আলিস আল ইসলাম ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে নেন একটি উইকেট। এ ছাড়া অতিরিক্ত থেকে ২২ রান দেওয়াও বাংলাদেশের জন্য ব্যয়বহুল হয়ে ওঠে। এর মধ্যে ১৭টিই ছিল ওয়াইড।

  বিষয়:   এশিয়ান গেমস  পদক  টাইগার 


খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত