প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি: যাযাদিআওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এবং হবিগঞ্জ-এক আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণী সিমি কিবরিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর যুবদল।
বুধবার বিকেলে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়কগুলোতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিল শেষে শহরে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর মিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন তালুকদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ নুর হোসেন চৌধুরী সোহান, উপজেলা যুবদল নেতা কিবরিয়া চৌধুরী, রাজ্জাক মিয়া, পৌর যুবদলের সদস্য মো. হাসান চৌধুরী, নাজমুল ইসলাম, ইকবাল হোসেন তালুকদার, শাকিল মিয়াসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
মিছিলটিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে তারা মনে করেন। নবীগঞ্জে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলবেন।
বক্তারা আরও বলেন, ড. রেজা কিবরিয়া ও তার সহধর্মিণী সিমি কিবরিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালাচ্ছে বলে তাদের অভিযোগ। এসব অপপ্রচারে তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে না বলেও দাবি করেন তাঁরা।
তারা বলেন, যুবদলের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ও আইনগতভাবে এসব অপপ্রচারের জবাব দেবেন।
পথসভায় যুবদলের নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। সভা থেকে ভবিষ্যতে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড কিংবা কোনো রাজনৈতিক ব্যক্তি ও তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।